নিখোঁজ সন্তানকে চার বছর পর ফিরে পেলেন মা-বাবা
চার বছর পর নিখোঁজ শিশু লায়লাকে ফিরে পেয়েছে তার মা-বাবা। মেয়েকে পেয়ে আবেগাপ্লুত হয়ে বাবা আবদল বারেক বলেন, ‘আমি দুমুঠো খেতে দিতে পারি আর না পারি, মেয়েকে আর কোনো দিন কাজের জন্য বাইরে দেব না।’বেলকুচি থানা ও লায়লার পারিবার সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার ধুলাদিয়া গ্রামের কৃষক আবদুল বারেকের তিন মেয়ে, দুই ছেলের মধ্যে লায়লা তৃতীয়। চার বছর আগে অভাবের তাড়নায় আট বছর বয়সী লায়লাকে উপজেলার মুকুন্দগাতী গ্রামের ব্যবসায়ী শামছুল মির্জার মাধ্যমে তাঁর ভায়রা শাহ আলম মুন্সির গাজীপুরের কোনা-বাড়ীর বাসায় কাজ করতে দেওয়া হয়। মাসখানেক কাজ করার পর ওই বাড়ি থেকে সে নিখোঁজ হয়। বাড়ির মালিক এলাকায় মাইকিং করে দীর্ঘদিনেও তার কোনো খোঁজখবর পাননি। এদিকে ঢাকার গেন্ডারিয়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাসার পাশে থাকেন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান। গত ১৫ দিন আগে জাহাঙ্গীর আলমের বাড়ির কাজের মেয়ে লায়লার সঙ্গে তার দেখা হয়। এ সময় সাংবাদিক পরিচয় জেনে লায়লা নিখোঁজ হওয়ার সব কথা তাকে জানায়। লুৎফর রহমান তাৎক্ষণিক আরটিভির সিরাজগঞ্জের প্রতিনিধি সুকান্ত সেনকে বিষয়টি জানান।সুকান্ত সেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সহযোগিতায় মাইকিং করে লায়লার বাবাকে খুঁজে বের করেন। লায়লার খোঁজ পাওয়া গেছে ও বেঁচে আছে—এ খবরে তার মা-বাবা ও আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। অবশেষে লুৎফর রহমানের সহায়তায় তাঁরা জাহাঙ্গীর আলমের বাসায় যান। দীর্ঘ চার বছর পর গত শনিবার রাত ১২টায় লায়লা মা-বাবা সঙ্গে ফিরে আসে নিজ গ্রামের বাড়িতে। লায়লা জানায়, চার বছর আগে কোনাবাড়ীর যে বাড়িতে তাকে কাজে দেওয়া হয়েছিল, সেই বাড়ির বড় কাজের বুয়া তাকে মারধর করত। একদিন দড়ি দিয়ে বেঁধে মারে। এরপর গোপনে সে বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তায় এলে কুলসুম নামের এক মহিলা তাকে ঢাকায় নিয়ে যায় ও বিভিন্ন বাড়িতে কাজে দেয়। সর্বশেষ গেন্ডারিয়ায় কাজ করত। কিন্তু ঢাকার কোথায় কার বাড়িতে কাজ করছে, তা সে জানত না। অনেক চেষ্টা করেও বাড়িতে আসতে পারেনি।