নিখোঁজ স্কুলছাত্রের লাশ নদী থেকে উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার ধুলাউড়ি গ্রামের গুড় নদীর তীর থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। গতকাল রোববার বিকেলে পাশের পারশাঐল গ্রাম থেকে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়।
নিহত স্কুলছাত্রের নাম হূদয় হোসেন (১২)। বাড়ি পারশাঐল গ্রাম। বাবা হেলাল উদ্দিন। স্থানীয় শাঐল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল হূদয়।
হূদয়ের বাবা হেলাল উদ্দিন জানান, খেলাধুলা করতে গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয় তাঁর ছেলে। বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে ধুলাউড়ি গ্রামের লোকজনের মাধ্যমে ছেলের লাশের সন্ধান মেলে। হূদয়কে কে বা কারা কেন হত্যা করেছে, তা জানাতে পারেননি তার বাবা।
সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকমল দেবনাথ জানান, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে আজ সকাল নয়টার দিকে ধুলাউড়ি গ্রামে গুড় নদীর তীর থেকে হূদয়ের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।