নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চেয়ে রাস্তায় নেমেছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস ধরে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র বেলাল আহমদ রোমানের (১৫) সন্ধান চেয়ে রাস্তায় নেমেছে এলাকাবাসী। গতকাল শনিবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এলাকাবাসী মানববন্ধন, সমাবেশ ও মৌন মিছিল করেছে।এর আগে তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে উদ্ধারের দাবি করা হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গত ২৬ নভেম্বর একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এলাকাবাসীর উদ্যোগে বেলাল আহমদের সন্ধান চেয়ে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন রোমানের মা হাওয়ারুন বেগম। তিনি বলেন, ‘আমার পুতরে আমার বুকে আনিয়া দেও। আমি আর কুনতা চাই না। আমার পুত আমি কই পাইতাম। মাইনসে আমার বাইচ্চার খবর দিতে পারে না। আমার এতিমরে কে নিলো গো।’বেলাল আহমদ মৌলভীবাজার পৌরসভার পূর্ব সুলতানপুর (কাজিরগাঁও) এলাকার মৃত মজমিল আলীর ছেলে। সে দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে সবার ছোট এবং মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সৈয়দ আবদুল মোতালেব রঞ্জু, নীহারেন্দু হোম সজল প্রমুখ। পরে একটি মৌন মিছিল মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে বেলাল আহমদের সন্ধান করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার বেলাল আহমদের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে।বেলাল আহমদ রোমানের বড় বোন রত্না বেগম জানান, গত ২৬ নভেম্বর বেলা আনুমানিক তিনটার দিকে সে পূর্ব সুলতানপুরের বাসা থেকে বেরিয়ে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে প্রেসক্লাবের সামনের একটি চায়ের দোকানে বসে চা খায়। এ সময় তার মুঠোফোনে একটি ফোন এলে সে কথা বলতে বলতে প্রেসক্লাবের সামনে চলে যায়। হঠাৎ মোটরসাইকেলযোগে তিনজন লোক এসে তার সামনে মোটরসাইকেল দাঁড় করিয়ে গতিরোধ করে। মোটরসাইকেল আরোহীরা অন্য কোথাও ফোন করার সঙ্গে সঙ্গে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে বেলাল আহমদকে জোরপূর্বক গাড়িতে তুলে কোর্টের দিকে চলে যায়। তার পরিবারের লোকজন খবর পেয়ে বেলালকে মুঠোফোনে ফোন করেন। এদিন (২৬ নভেম্বর) বিকেল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত মুঠোফোনে রিং হলেও কেউ ফোন ধরেনি। এর পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন রত্না বেগম মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। নিজেরাও বিভিন্ন স্থানে যোগাযোগ করেন। কিন্তু রোমানের কোনো খোঁজ পাননি। তাঁরা আশঙ্কা করছেন, তাকে অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যা করে লাশ গুম করেছে। মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ‘সে (রোমান) কিছুদিন আগে সংঘটিত ছাত্রলীগ ও যুবলীগের মারামারিতে জড়িত বলে সন্দেহের তালিকায় ছিল। তবে মামলার এজাহারে তার নাম নেই। তার অভিভাবকেরাও আমার কাছে এসেছিল তাকে নাকি পাওয়া যাচ্ছে না। তার যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, ট্রেকিং করে সেটা বন্ধ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছি না কী হয়েছে। এখনো কিছু উদ্ধার করা যায়নি।’