নিখোঁজ হওয়ার চার দিন পর তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল রোববার ভোরে যশোরের মনিরামপুর উপজেলার মশিহাটি গ্রামের হেলারবিলে খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা গ্রামের উত্তম মণ্ডলের (৩০) গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
পুলিশ ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা গেছে, আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ১৮ ডিসেম্বর জিয়েলতলা গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর উত্তমের আর খোঁজ পাওয়া যায়নি।
গতকাল সকালে মনিরামপুরের মশিহাটি গ্রামের হেলারবিল শ্মশানের পাশ থেকে পুলিশ মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। উত্তমের বাবা সূর্যকান্ত মণ্ডল বলেন, তাঁর ধারণা, সন্ত্রাসীরা তাঁর ছেলেকে মারতে পারে। তবে এলাকার একটি সূত্রে জানা গেছে, উত্তম ডুমুরিয়ার শোভনা এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলছিলেন। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বলেন, মৃত্যুর ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে।