নিখোঁজ হওয়ার চার দিন পর বৃদ্ধের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজের চার দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পুটিয়া গ্রামে একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবদুল জব্বার (৭০)। গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি।

স্থানীয় নন্দলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নওশের আলী বিশ্বাস বলেন, কুমারখালী জেএন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আবদুল জব্বার। আট বছর আগে তিনি অবসরে যান। তাঁর স্ত্রী অনেক আগেই মারা গেছেন। এক ছেলে ঢাকায় চাকরি করেন। এক মেয়ের বিয়ে হয়েছে। বাড়িতে তিনি একাই থাকতেন। তাঁর এক ভাইয়ের বাড়িতে তিনি খেতেন। গত শনিবার বিকেল থেকে আবদুল জব্বারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।

ইউপির চেয়ারম্যান জানান, আজ সকালে গ্রামের একটি ডোবায় এক বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন আবদুল জব্বারের পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলেছে।