নিখোঁজ হওয়ার দুই দিন পর বাসার সামনেই শিশুর লাশ
চট্টগ্রামের দামপাড়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল শনিবার নিজেদের বাসার সামনেই রিয়া মনি নামের তিন বছর বয়সী একটি কন্যাশিশুর লাশ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভোর ছয়টায় ২ নম্বর গলির ভাড়া বাসার সামনের ড্রেনে রিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়ার চাচা মো. বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিয়া মনি দামপাড়া ২ নম্বর গলির মৃত ময়জুল হক ওরফে লিটনের মেয়ে। তিন বোনের মধ্যে সে ছোট। মা রেহেনা বেগম তিন মেয়েকে নিয়ে দামপাড়ার ভাড়া বাসায় থাকতেন। স্বামী ময়জুল এক বছর আগে মারা যান। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রিয়া নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইলিয়াস আলী খান বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আমরা পারিবারিক বিরোধসহ বিভিন্ন কিছু তদন্ত করে দেখছি।’ রিয়ার খালা তাসলিমা বেগম জানান, রিয়ার চাচা বাদশার সঙ্গে রিয়াদের পরিবারের আগে থেকে বিরোধ ছিল। এর জের ধরে হত্যাকাণ্ড হয়েছে বলে তাঁরা মনে করছেন।