নিখোঁজ হওয়ার দুইদিন পর অচেতন অবস্থায় উদ্ধার
রাজধানীর হাইকোর্টসংলগ্ন সড়কের পাশ থেকে গতকাল শুক্রবার সকালে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রফিকুল দুই দিন আগে নিখোঁজ হন।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বলেন, পরিবারের মাধ্যমে খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে রফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তাঁকে পরিবারের সঙ্গে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এসআই জানান, রফিকুলের বাসা কেরানীগঞ্জের আগানগরের ইমামবাড়ি এলাকায়। তিনি লালবাগ থানার চকবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক। গত বুধবার বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।রফিকুলের বাবা শাহাদত হোসেন সাংবাদিকদের বলেন, গত বুধবার সকালে মতিঝিলে ব্যক্তিগত কাজের জন্য বাসা থেকে বের হন রফিকুল। এর পর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল সকাল নয়টার দিকে তাঁর কর্মস্থল কমিউনিটি সেন্টারের টেলিফোনে একজন ফোন করে বলে, ‘তোদের লোককে হাইকোর্টের পাশে ফেলে রাখছি।’ এরপর বিষয়টি তাঁদের জানানো হয়। পরে পুলিশ নিয়ে গিয়ে রফিকুলকে উদ্ধার করা হয়। এসআই মোক্তার হোসেন বলেন, রফিকুল পুরোপুরি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।