নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুরে শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে মানিক মিয়া (৩৫) নামের এক ইটভাটাশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মানিক মিয়া ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। তিনি বক্তাবলীর বাবুল মিয়ার ইটভাটায় কাজ করতেন।

মানিক মিয়ার স্ত্রী ডলি বেগম বলেন, তিনি ও তাঁর স্বামী ছাড়াও তাঁদের তিন মেয়ে ও এক ছেলে বাবুল মিয়ার ইটভাটায় কাজ করে। তাঁরা ইটভাটাতেই বসবাস করছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মানিক মিয়া ইটভাটা থেকে ফতুল্লা যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে লালপুরে একটি মাছের খামারের পুকুরে তাঁর লাশ দেখতে পান লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ডলি বেগম অভিযোগ করেন, এলাকার বখাটে ও মাদক ব্যবসায়ীরা তাঁর স্বামীকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন,  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।