নিখোঁজ হওয়ার ৩৯ দিন পর রেলস্টেশনে মিলল লাশ
নিখোঁজ হওয়ার ৩৯ দিন পর গতকাল সোমবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের যাত্রীছাউনিতে পাওয়া গেল ঠিকাদার নুরুল আমিনের (৪৫) মৃতদেহ। রেলস্টেশনের ভাসমান ব্যবসায়ী ও শিশুরা জানায়, অসুস্থ নুরুল আমিনকে বিকেলে রেলস্টেশনে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে আসে, পানি খাওয়ায়। তারা প্রথমে মনে করেছিল ভবঘুরে। মারা যাওয়ার পর সঙ্গে থাকা মোবাইলের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত হয়। নুরুল আমিন এত দিন কোথায় ছিলেন, তা জানা যায়নি। কীভাবে তিনি যাত্রীছাউনিতে এলেন, সে বিষয়েও কিছু বলতে পারছে না রেলপুলিশ। গতকাল রাতে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সূত্র জানায়, গতকাল কমলাপুর রেলস্টেশনের যাত্রীছাউনিতে কয়েকজন টোকাই ও ভাসমান ব্যবসায়ী নুরুল আমিনকে পড়ে থাকতে দেখে। খুব দুর্বল নুরুল তখনও জীবিত ছিলেন। দেহ নিথর হয়ে গেলে সাহায্য করতে আসা লোকগুলো নুরুলের কাছে একটি মুঠোফোন পায়। সেই ফোন থেকে একজন আত্মীয়ের খোঁজ মেলে। ততক্ষণে রেলপুলিশ (জিআরপি) লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নুরুল আমিনের ভাই সাইফুল আমিন প্রথম আলোকে বলেন, নুরুল আমিন আরেকজনের সঙ্গে যৌথভাবে ওয়াসায় ঠিকাদারি করতেন। তিনি কয়েকটি প্রতিষ্ঠানে ডিপ টিউবওয়েল সরবরাহ করতেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ছেলে ও স্ত্রী নিয়ে থাকতেন। গত ৫ মার্চ বঙ্গবন্ধু এভিনিউ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। প্রথমে তাঁরা ভেবেছিলেন, সেই সময় রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে গণগ্রেপ্তারের শিকার হয়েছেন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা পত্রিকায় বিজ্ঞাপনও দেন। তবে মাঝে মধ্যে নুরুল আমিনের ফোন নম্বরটি খোলা পাওয়া যেত। সর্বশেষ তাঁর ফোন থেকেই ফোন করে তাঁদের এক মামাকে নুরুলের অবস্থান জানায় রেলস্টেশনের ভাসমান ব্যবসায়ীরা।রেলপুলিশের উপপরিদর্শক সুজন কান্তি বড়ুয়া বলেন, নুরুল আমিনকে এখানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁকে মৃত অবস্থায় পায়। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তবে তাঁকে দেখে মনে হয়েছে, দীর্ঘদিন তিনি কিছু খাননি। স্টেশনের লোকজন জানান, তাঁকে তাঁরা জীবিত অবস্থাতেই পেয়েছিলেন। এখানেই তাঁর মৃত্যু হয়েছে।