নিখোঁজ ১৫ জেলের পরিবারে ঈদের আনন্দ নেই পাঁচ বছর
সিডরে নিখোঁজ পাথরঘাটার জেলে ইউনুসের ছোট্ট দুই ছেলে মায়ের কাছে ঈদে নতুন জামা চায়। কিন্তু জাল সেলাই করে যে আয়, তা দিয়ে দুই বেলা খাওয়াই জোটে না। কীভাবে সন্তানের আবদার পূরণ করবেন। তাই তাদের মা রাবিয়া (২৬) চোখের জল ফেলে আক্ষেপ করে বলছিলেন, ‘কোনো মায় কি পারে পোলাপানের আবদার না পুরাইয়্যা শান্তিতে থাকতে?’একইভাবে দুই ছেলের শোকে পাথর হয়ে গেছেন রহিমা বেগম (৬৫)। তবু কোনো উৎসব এলে তিনি চোখের জল ধরে রাখতে পারেন না। পরিবারে আর্থিক অনটন আর দুই ছেলের শোকে মুহ্যমান হয়ে পড়েন রহিমা। ছেলেদের ছবি বুকে চেপে ধরে আজও তাদের ফিরে আসার প্রতীক্ষার প্রহর গুনছেন তিনি।ঈদের আগে রহিমা ও একই এলাকার নিখোঁজ ১৫টি পরিবারের খোঁজ নিতে গত রোববার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা গ্রামে গিয়ে চোখে পড়ে, এসব পরিবারের মানবেতর জীবনযাপনের দৃশ্য। ঘরদোরের চারপাশে দারিদ্র্যের মলিন ছাপ দেখে বোঝা যাচ্ছিল এসব পরিবারে ঈদ নিয়ে কোনো আনন্দ বা কৌতূহল নেই। ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ হন এই গ্রামে আউয়াল ও দেলোয়ার নামে দুই ভাই। একই ট্রলারে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এরপর আর ফিরে আসেননি। সেই থেকে তাঁদের মা রহিমা বেগম দুই ছেলের ফিরে আসার অপেক্ষায় আছেন।রহিমা বেগমের মতো এই গ্রামের আরও ১৪টি পরিবার এমনই দুর্দশা আর মানবেতর জীবন কাটাচ্ছে গত পাঁচ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এসব পরিবারে নেমে এসেছে ঘোরতর দুর্দিন। পাঁচ বছরে একদিনের জন্যও কোনো উৎসবের ছোঁয়া পায়নি এসব পরিবার। নিখোঁজ আরেক জেলে বাবুল খাঁর দুই সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে নিয়ে বড় কষ্টে দিন কাটে স্ত্রী কোহিনূর বেগমের। জাল বুনে ও রাস্তায় শ্রমিকের কাজ করে বড় মেয়ে মনি আক্তার (১৭) ও ছোট ছেলে আল-আমিনকে (১২) লেখাপড়া করাচ্ছেন। মেয়ে মনি বর্তমানে পাথরঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। ছেলে আল-আমিন পঞ্চম শ্রেণীতে পড়ে। কোহিনূর বলেন, ‘বড় কষ্ট কইর্যা অইলেও পোলা-মাইয়্যা দুইটারে পড়াই। নিজে যা আয় করি হেইয়্যা সব অগো পিছে যায়। ঘরে পাঁচজন খাওয়াইয়্যা মানুষ। একবেলা খাই তো দুই বেলা না খাইয়্যা থাহি।’ ঈদ কীভাবে কাটাবেন প্রশ্ন করলে কোহিনূরের চোখ আর্দ্র হয়ে ওঠে। ভেজা চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘আমাগো কপালে কি ঈদ আছে।’ কোহিনূরের বাড়ি থেকে একটু দক্ষিণে এগোতেই চোখে পড়ে জীর্ণ আরেকটি খুপরি।আরেক নিখোঁজ জেলে ইউনুসের স্ত্রী রাবিয়া বেগম (২৬) দুই ছেলেকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন এখানে। খুপরির দাওয়ায় বসে জাল সেলাই করছিলেন রাবিয়া। পাশে দুই ছেলে সুমন ( ৮) ও নয়ন (৬) খেলছিল। জাল সেলাই করে সামান্য রোজগার করেন রাবিয়া। এই দিয়ে চলে তাঁর সংসার। কেমন আছেন জানতে চাইলে মলিন মুখে রাবিয়া বলেন, ‘আমাগো আর থাহন। আয়দার মানুষটা পাঁচ বছর ধইর্যা নিখোঁজ। দুইডা ছেলে লইয়্যা পাঁচ বচ্ছর কত কষ্ট যে হরতে আছি কিন্তু কোনো কূল-কিনার পাই না। সামনে ঈদ, পোলা দুইডায় হারাদিন নতুন জামা চায় কিন্তু খাওনই জোডে না, জামা দিমু কী দিয়া কন।’ এই গ্রামের নিখোঁজ জেলে বারেক মাঝি, আউয়াল, দেলোয়ার, সামসুল হক, আলমগীর পেয়াদা, নির্মল, মনোতোষ, আল-আমিন, আব্বাস আলী, ইউনুস আলী, বাবুল খাঁ, বাদশা মিয়া, মোতালেব, কালাম, রহিম, ইলিয়াস, জাফর হোসেন—এঁদের পরিবারের এমন দুঃখ-দুর্দশার কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে।