শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে ডুবে যাওয়া ৩টি লঞ্চে থাকা ১৯ যাত্রীর সন্ধান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাতে পারছে না।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন,¯‘স্রোতের কারণে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা নদীতে নামতে পারছেন না। নৌবাহিনীর আরও ছয় সদস্যের একটি ডুবুরি দল বৃহস্পতিবার উদ্ধার কাজে যুক্ত হয়েছে। নিখোঁজ যাত্রী ও লঞ্চগুলোকে খুঁজতে আমরা স্থানীয় জেলেদের পদ্মা নদীতে নামিয়েছি। তাঁরা জাল ফেলে লঞ্চ শনাক্ত করার চেষ্টা করছেন।’ তিনি জানান, ওয়াপদা ও সুরেশ্বর লঞ্চঘাটের আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।
এদিকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা গতকাল বৃহস্পতিবার সারা দিন ওয়াপদা, সুরেশ্বর ও দুলারচর এলাকায় পদ্মা নদীর তীরে অপেক্ষা করেছেন। অনেকের স্বজনেরা পদ্মা নদীতে ট্রলার নিয়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজছেন।
ডুবে যাওয়া নড়িয়া–২ লঞ্চের সুকানি একই উপজেলার বিঝারী গ্রামের সজল তালুকদার নিখোঁজ। তাঁর সন্ধানে সুরেশ্বরঘাটে গতকাল সারা দিন অপেক্ষা করেছেন তাঁর স্ত্রী কল্পনা আক্তার। পাঁচ বছর বয়সী ছেলে ও আঠারো মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে আহাজারি করছেন। বারবার মূর্ছা যাচ্ছিলেন। বিলাপ করতে করতে বলছিলেন, ‘দুর্ঘটনার এক দিন আগে বাড়ি থেকে কাজে যায়। এভাবে অল্প সময়ের ব্যবধানে মানুষটা কোথায় হারিয়ে গেল। আমি শিশুসন্তানদের নিয়ে কোথায় যাব? কে আমাদের পাশে থাকবে?’
চণ্ডীপুর গ্রামের মোতালেব মোল্লা বলেন, ‘নবজাতক ভাগনিকে নিয়ে বোন, ভগ্নিপতি ও আমার মা ঢাকা থেকে ফিরছিল। বোন, ভাগনি ও মা আমাদের ছেড়ে নিখোঁজ হয়ে গেল। বোনের লাশ পেলাম। মা ও ভাগনিকে পাইনি। ট্রলার নিয়ে পদ্মায় তাদের সন্ধান করছি।’
সোমবার পদ্মা নদীর ভাঙনের কারণে নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। পানির স্রোতে পন্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। ডুবে যাওয়া মৌচাক লঞ্চটি ওই ঘাট থেকে ঢাকায়, নড়িয়া-২ ও মহানগরী লঞ্চটি নারায়ণগঞ্জে চলাচল করত। লঞ্চে থাকা ৩ যাত্রী ও ১৬ জন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।
বুধবার সুরেশ্বর এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই যুবকের ডিএনএ নমুনা সংগ্রহ করার পর শরীয়তপুর পৌরসভার কোটাপাড়ার পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।