বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। রাষ্ট্রের দায়িত্ব এসব নিখোঁজ মানুষকে খুঁজে বের করা। রাষ্ট্রের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ দায়িত্ব পালন করবে। তা না হলে ব্যর্থতার দায় তাদের ওপরই বর্তাবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল শনিবার ‘মানবাধিকার রক্ষায় ক্রাইম রিপোর্টারদের ভূমিকা’ নিয়ে আলোচনায় এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান এক র্যাব কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, ‘আপনাদের ট্রেনিংয়ে কোথাও গলদ আছে, তা না হলে অভিযানের সময় কাউকে গুলি করলে সেটা পায়ে না লেগে শরীরের অন্য কোথাও লাগত না।’চেয়ারম্যান বলেন, ‘ক্রসফায়ারের পর বলা হয়, আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে। কিন্তু সব আত্মরক্ষা বৈধ নয়। হেফাজতে মৃত্যু নিয়ে আলোচনা শুরু হলে লাশের আর খবর পাওয়া যায় না। এ ধরনের হত্যাকাণ্ড নিয়ে তখন লুকোচুরি করা হয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘আমি বুটের তলায় মানুষের বুক দেখতে চাই না। আবার রাস্তায় গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামলাও দেখতে চাই না। পুলিশকে পশ্চিমা দেশের মতো সভ্য দেখবেন, অথচ কেউ কেউ আফ্রিকা ও সোমালিয়ার মানুষের মতো আচরণ করবেন, সেটা হতে পারে না।’ র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, র্যাব প্রতিষ্ঠার পর থেকে ১০ হাজার অস্ত্র ও পাঁচ হাজার গ্রেনেডসহ এক লাখ চার হাজার অপরাধীকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তার করা না হলে মানবাধিকার ক্ষুণ্ন হতো। এলিনা খান বলেন, পুলিশের বুটের নিচে যখন মানবসন্তান পিষ্ট হয়, তখন মানবাধিকার নিয়ে আলোচনা করতে কষ্ট হয়। ক্র্যাবের সভাপতি পারভেজ খান এতে সভাপতিত্ব করেন।