
সাভারের রানা প্লাজা ধসে আহত, নিহত ও নিখোঁজ লোকজনের সঠিক তালিকা প্রকাশ করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ১৬টি শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়ক শামীমা আক্তার।
দাবিগুলোর মধ্যে রয়েছে রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া; শ্রমিক ছাঁটাই বন্ধ ও নিম্নতম মজুরি কাঠামো বাস্তবায়ন; শ্রমিক নিরাপত্তা ও পোশাকশিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন এবং ক্ষতিপূরণের জন্য গঠিত রানা প্লাজা ট্রাস্ট তহবিলে ক্রেতা প্রতিষ্ঠানের অর্থ দেওয়া।
মঞ্চের কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কোনোভাবেই আর রানা প্লাজার মতো ঘটনা দেখতে চাই না। সেজন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সরকারকে তা নিতে হবে।’ তিনি বলেন শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়াটা ন্যায্য অধিকার। কিন্তু গত এক বছরে সেটি সম্পন্ন করা যায়নি।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আবুল হোসাইন বলেন, ‘ক্রেতাদের জোট অ্যার্কড ও অ্যালায়েন্স দেশের পোশাক কারখানার পরিদর্শনে এসেছে। আমরা এর বিরোধিতা করছি না। তবে সরকার যদি দেশে বিদ্যমান আইন বাস্তবায়ন করত কিংবা পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ আন্তরিক ও উদ্যোগী হতো, তাহলে এসবের কোনো প্রয়োজন ছিল না।
মঞ্চের একাধিক নেতা বলেন, পরিদর্শন কার্যক্রমে ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়ে বন্ধ হওয়া কারখানার শ্রমিকেরা তাঁদের ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। চাকুরি হারিয়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। ফলে অ্যার্কড ও অ্যালায়েন্সের পরিদর্শন কার্যক্রমে কোনো কারখানা বন্ধ হলে তাঁদেরকেই এ দায়িত্ব নিতে হবে। কারণ বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোই এই জোটের সদস্য। আর তারাই তৈরি পোশাক শিল্পের মুনাফার ৭০ ভাগ নিয়ে নিচ্ছে।
গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের এই নেতারা আরও দাবি করেন কারখানা পরিদর্শনে এখন পর্যন্ত ১১টি কারখানা বন্ধ হয়েছে। আর এসব কারখানায় কাজ করতেন প্রায় ২০ হাজার শ্রমিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য রকিবুল ইসলাম, গোলাম রব্বানী, শহিদুল্লাহ বাদল, লাভলী ইয়াসমীন প্রমুখ।