আগামীকাল ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। দিবসটি সামনে রেখে গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রায় দুই বছর আগে নিখোঁজ বা গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান।
সাজেদুল ইসলাম ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হন জানিয়ে তাঁর বড় বোন মারুফা ইসলাম আলোচনা সভায় বলেন, ‘এ রকম অনুষ্ঠানে গত দুই বছর সাত মাসে আমি অনেকবার এসেছি। বলেছি অনেকবার। তারপরও আমার বলা আর শেষ হয় না।...কেউ লিখিত দরখাস্ত গ্রহণ করেছে, কেউ বলেছে রেখে যান আমরা দেখব। এর মধ্যে আমরা আড়াই বছর যাবৎ আছি।’
অনুষ্ঠানে নিখোঁজ আবদুল কাদের মাছুমের ছবি দেখিয়ে তাঁর মা আয়েশা আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপনারা বলেন, এ রকম সন্তান হারিয়ে কী নিয়ে বাঁচব? আপনারা যে যেভাবে পারেন আমাদের হদিস দিন।’
গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য ২০০৬ সালের আন্তর্জাতিক সনদে বাংলাদেশকে স্বাক্ষর করার আহ্বান জানান মৌলিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য শাহদীন মালিক।
কমিটির সদস্য লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘গুম-অপহরণ জঙ্গিবাদের মতোই একটি ভয়াবহ অপরাধ। সুতরাং জঙ্গিবাদ দমন করতে চাইলে এ ধরনের মানবতাবিরোধী অপরাধকেও আগে দমন করতে হবে।’