নিখোঁজদের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনেরা
আনিসুল হকের বাড়ি ভোলার লালমোহনে। ছুটি শেষে ২৫ সেপ্টেম্বর সৌদি আরবে পৌঁছালেও কর্মস্থল রিয়াদে যাননি। পড়ে আছেন মক্কায়। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন হাসপাতালে। কারণ তাঁর বাবা আবু সুফিয়ান বাদশা এবার হজে এসেছিলেন। মিনার দুর্ঘটনার পর আবু সুফিয়ান নিখোঁজ। বাবাকে খুঁজতে মক্কার হাসপাতাল, মুয়াইসিম, হজ কার্যালয়—কোনো কিছুই বাদ রাখছেন না। যে যেখানে বলছেন, সেখানেই ছুটে যাচ্ছেন। এখন অনেকটাই হতাশ। এরই মধ্যে কর্মস্থলে ফেরার তাগাদা রয়েছে। কী করবেন বুঝতে পারছেন না।
একই অবস্থা নোয়াখালীর আবদুল মান্নানের। বড় ভাই নুরুল ইসলামকে খুঁজছেন, কিন্তু সন্ধান পাননি। আবদুল মান্নান বলেন, ‘আশা করছি হয়তো কোনো হাসপাতালে থাকতে পারেন। কিন্তু কোনো হাসপাতাল থেকে কোনো তথ্য আমরা পাচ্ছি না। যদি মারাও গিয়ে থাকেন, সেটাও জানতে চাই।’
আনিসুল আর মান্নানের মতো অবস্থা অনেকেরই। তাঁরা একত্রে খাওয়াদাওয়া করেন, দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটান। কোনো খবর পেলে ছুটে যান একসঙ্গে। মিনা, আরাফাত, মক্কার কোনো হাসপাতাল—যে জায়গাই হোক। তাঁদের অভিযোগ, লাশ শনাক্ত করার চেয়ে সৌদিরা এখন লাশ দাফনে ব্যস্ত। সৌদি আরবের নির্দিষ্ট নিয়ম আছে, যা মেনে চলতেই হয়। আর ভাষাগত সমস্যাতো আছেই।
মক্কার মিসফালায় থাকেন মাহফুজ। তিনি শোনালেন তাঁর এক স্বজনের সন্ধান পাওয়ার কাহিনি। লাশ সরানোর সময় আত্মীয়ের মোবাইলটি পড়ে যায়। পড়ে যাওয়া মোবাইল তুলে নেন সেখানকার এক কর্মচারী। পরে ফোন করে মাহফুজ তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ফোন ফেরত পেলেও তাঁর আত্মীয়ের লাশের সন্ধান দিতে পারেননি ওই কর্মচারী।
ফেরার সময়ও দুর্ভোগ: ঢাকায় নিজস্ব প্রতিবেদক জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইট বিপর্যয় হওয়ায় দেশে ফেরত আসা হাজিদের ১৬ থেকে ১৮ ঘণ্টা সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। তাঁদের একজন ইয়াছিন আরাফাত। ফিরেছেন গতকাল। বললেন, ‘ফ্লোরে থাকছি, ফ্লোরে ঘুমাইছি। কেউ খোঁজ নেয়নি। বাড়িভাড়া ছাড়া সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিদের আর কিছুই ভালো ছিল না।’
ইয়াছিনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের (বিজি-২০১৮) ফ্লাইটে আসা মো. মোসলেহ উদ্দিন নামের কক্সবাজারের আরেকজন জেদ্দা বিমানবন্দরে হাজিদের দুর্ভোগ ও বাংলাদেশ বিমানের কর্মকর্তাদের দুর্ব্যবহারের ভিডিওচিত্র নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘এই হাতের ওপর একজন হাজি মারা গেছেন। তাঁরে আমি ইহরামের কাপড় দিয়ে বাতাস দিছি। পানি দিছি, বাঁচাইতে পারি নাই। আর সৌদি পুলিশ পা দিয়ে লাশ সরাইছে। এত অসম্মান! ভাই বাংলাদেশের মানুষ খুবই অবহেলিত।’
শাহজাহান খান নামের এক হাজি বলেন, ‘জেদ্দা বিমানবন্দরের ভেতরে জায়গা নাই। বিমানবন্দরের বাইরে থাকছি। মাটিতে ঘুমাইছি। এত গরম! আমরা তো আল্লাহর মেহমান, অথচ আমাদের কোনো মূল্যায়ন নাই। কোনো ডাক্তার নাই। আমার পাশে তো একজন বিনা চিকিৎসায় মারা গেছে।’
জহিরুল ইসলাম নামের আরেক হাজি বলেন, ‘বাংলাদেশের হাজিরা জেদ্দায় মানবেতর জীবন যাপন করতাছে। পানি নাই, খাবার নাই। তারপরেও আসতে পারছি। আলহামদুলিল্লাহ।’
তবে সৌদিয়া এয়ারলাইনসের যাত্রীদের তেমন সমস্যা হয়নি। আরিফুল ইসলাম ও নাদিম আহমেদ নামের দুজন যাত্রী বলেন, এক ঘণ্টার মতো তাঁদের দেরি হয়েছে। তবে থাকা কিংবা খাওয়ায় তাঁদের কোনো সমস্যা হয়নি।