নিখোঁজের এক দিন পর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের এক দিন পর গতকাল শনিবার সকালে সাদ্দাম হোসেন (২০) নামের এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদ্দাম উপজেলার ঘোরলাজ নওদাপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে।
বাগাতিপাড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন সাদ্দাম। পরের দিন সকালে পাঁচুড়িয়া-পাবনাপাড়ার মাঝে হাঁড়ির বিল নামক স্থানে এসআরএস ইটভাটার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে সাদ্দামের লাশ শনাক্ত করেন।
ওয়ার্ড কাউন্সিলর আ. কুদ্দুস বলেন, লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলার চিহ্ন রয়েছে।
এ ঘটনায় বাগাতিপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে দোষী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।