নিখোঁজের এক দিন পর ঝিল থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার ঝিল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, কাপড় শুকানোকে কেন্দ্র করে শত্রুতার জেরে মো. জিসান নামে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক প্রতিবেশী দম্পতিকে আটক করেছে। ভাটারা থানার পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল সকাল নয়টার দিকে বসুন্ধরার বসুমতী ঝিল থেকে তিন বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করা হয়। জিসানের নানি রীনা বেগম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে রান্নাঘরে যাওয়ার সময় জিসান তাঁর পেছন পেছন হাঁটছিল। তার মা জেসমিন বেগম তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ পেছন ফিরে তিনি লক্ষ করেন, জিসান নেই। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এতে থানায় সাধারণ ডায়েরি করা হয়। জিসানের বাবা হেলাল উদ্দিন সাংবাদিকদের কাছে বলেন, কাপড় শুকানোকে কেন্দ্র করে কিছুদিন আগে প্রতিবেশী এক দম্পতির সঙ্গে তাঁদের ঝগড়া হয়েছিল। সেই তিক্ততার জেরেই জিসানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, শিশু জিসানের গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওসমান গনি ও তাঁর স্ত্রী মোছাম্মৎ বৃষ্টিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার হত্যা মামলা করতে চাইলে তাও নেওয়া হবে।