নিখোঁজের এক দিন পর পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদে ডুবে নিখোঁজের এক দিন পর কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী রাজা বাসফৈরের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের পাহাড়পুর সেতুর কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

নিহত রাজা বাসফৈর উপজেলা সদরের বাইমহাটী এলাকার বাসিন্দা। এক সহকর্মীর সঙ্গে কোমল পানীয় বাজি ধরে নদ পার হওয়ার সময় গত সোমবার তিনি ডুবে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল পাঁচটায় কুমুদিনী হাসপাতালের দুই পরিচ্ছন্নতাকর্মী রাজা বাসফৈর ও আকাশ বাসফৈর (২০) লৌহজং নদ সাঁতরে পার হতে দুই লিটার কোমল পানীয় বাজি ধরেন। তাঁদের মধ্যে আকাশ কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকা থেকে সাঁতার শুরু করে নদ পার হতে পারলেও রাজা পানিতে ডুবে যান। খবর পেয়ে প্রথমে মির্জাপুরের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। পরে ময়মনসিংহ থেকে চারজন ডুবুরি আসেন। তাঁরা সোমবার রাত সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত এবং গতকাল সকাল নয়টা থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত দুই দফা কাজ করেন। কিন্তু রাজাকে উদ্ধার করতে না পেরে তাঁরা উদ্ধারকাজ বন্ধ ঘোষণা করেন। গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দূরে পাহাড়পুর সেতুর পাশে জঙ্গলে রাজার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করেন।

মির্জাপুরের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, রাজাকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল দুই দফায় কাজ করে। কিন্তু তাঁকে উদ্ধার করতে না পারায় কাজ বন্ধ করা হয়। স্থানীয় লোকজন গতকাল সন্ধ্যায় লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন।