নিখোঁজের এক দিন পর পুকুরে ছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাটারার একটি পুকুর থেকে মো. ফাহিম (১১) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ভাটারা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত। ফাহিমের দূর সম্পর্কের নানা মোহন মিয়া জানান, ফাহিম তার নানা-নানির সঙ্গে ভাটারার নয়ানগর এলাকায় থাকত। গত বুধবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকায় মাইকিং করাসহ রাতে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করা হয়। কিন্তু সন্ধান মেলেনি। গতকাল সকালে লোকমুখে খবর পেয়ে স্বজনেরা একশ ফুট রাস্তা এলাকার আক্কাস আলীর পুকুরে ফাহিমের লাশ ভাসতে দেখেন। পুলিশ তার লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।  ফাহিমের বাবা জামিল পাটোয়ারী মুঠোফোনের ব্যবসায়ী। তিনি আরেকটি বিয়ে করে অন্যত্র থাকেন। ফাহিমের মা ময়না বেগম ওমানপ্রবাসী। এ কারণে ফাহিম নানা-নানির সঙ্গে থাকত। তার নানার নাম নয়দার আলী।