নিখোঁজের এক মাস পর জঙ্গি হিসেবে গ্রেপ্তার!
র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচ জঙ্গির একজন এক মাস আগে ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। তাঁর নাম নুরুজ্জামান আরিফ। তাঁর নিখোঁজের ঘটনায় তখন রাজধানীর মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিল পরিবার।
অবশ্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ গতকাল রাতে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা আগের দিন ব্রিফিংয়ে যা বলেছেন, সেটাই সত্যি। তিনি বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী রেলস্টেশনে অভিযান চালিয়ে আরিফসহ পাঁচজনকে বিপুলসংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে র্যাব। অন্যরা হলেন আবদুন নূর, নুর ইসলাম, আবুল কালাম আজাদ ও ফারুক আহম্মেদ। এঁরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
তবে আরিফের পরিবার দাবি করছে, আরিফ ও তাঁর বন্ধু কামরুজ্জামান রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কে মেসে থেকে পড়ালেখা করেন। দুজনের বাড়ি ঠাকুরগাঁও সদরে। আরিফ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে অষ্টম সেমিস্টারে ও কামরুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন।
আরিফের মা বিলকিস বানু বলেন, গত ২৮ সেপ্টেম্বর আরিফ মুঠোফোনে বলেছিলেন যে কামরুজ্জামানসহ ঠাকুরগাঁও বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। তাঁরা ঢাকার মোহাম্মদপুরের মেস থেকে বের হয়ে বাস কাউন্টারে আসার পথে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় জিডি করা হয়।
গত শুক্রবার র্যাব সদর দপ্তরে গণমাধ্যমের সামনে জেএমবির জঙ্গি হিসেবে পাঁচজনকে হাজির করা হয়। টেলিভিশনে তাঁদের মধ্যে আরিফকে দেখে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। বিলকিস বানুর দাবি, তাঁর ছেলে জঙ্গী দলের সঙ্গে জড়িত নয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যাঁরা ধরেছেন তাঁরা জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি জানাবেন। আমরা তাঁর পরিবারের খোঁজখবর নেব।’
পরিবারের দাবি অনুযায়ী, নিখোঁজ হওয়া কামরুজ্জামানের এখনো খোঁজ মেলেনি।
এদিকে গ্রেপ্তার হওয়া এই পাঁচজনকে শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জ জিআরপি (রেল পুলিশ) থানায় হস্তান্তর করেছে র্যাব। ওই থানায় পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করেছে র্যাব। তাঁদের গতকাল শনিবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কোহিনূর আরজুমানের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ৬ নভেম্বর শুনানির দিন ধার্য করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।