নিখোঁজের এক মাস পর পানির ট্যাংকে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের এক মাস পর ছয় বছরের একটি শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর দারুস সালাম এলাকার পরিত্যক্ত একটি ভবনের পানির ট্যাংক থেকে সাদিয়া ইসলাম নামের এই শিশুটি লাশ উদ্ধার করা হয়। সে গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল।
সাদিয়া স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। তার মা ইতি আক্তার ও বাবা মো. পাভেল মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, লালকুঠি মেটারনিটি হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের পানি সংরক্ষণের ট্যাংকের ভেতর থেকে তীব্র গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে শিশুটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। তবে শিশুটিকে হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।