নিখোঁজের এক মাস পর বাড়ি ফিরল পাঁচ ছাত্র
নিখোঁজ হওয়ার এক মাস পর নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাঁচ শিক্ষার্থী বাড়িতে ফিরেছে। গতকাল বুধবার সকালে তারা বাড়ি ফেরে। ওই সব শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন।
তবে পূর্বধলা থানার পুলিশ দাবি করেছে, তারা কৌশলে শিক্ষার্থীদের উদ্ধার করেছে। নিখোঁজ হওয়ার পর থেকে ওই পাঁচ শিক্ষার্থী রাজধানী ঢাকার কাকরাইল এলাকার একটি হোটেলে কাজ করত। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। গতকাল বেলা দেড়টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের সাংবাদিকদের এসব কথা জানান।
বাড়ি ফিরে আসা ওই পাঁচ শিক্ষার্থী হলো পূর্বধলার শ্যামগঞ্জ বাজারসংলগ্ন মহিষবেড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে আরিফ (১৪), ফরিদ মিয়ার ছেলে বেলাল হোসেন (১৫), হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (১৪), আইনুদ্দিনের ছেলে মো. হৃদয় (১৩) ও হামেদ আলীর ছেলে রবিকুল ইসলাম (১৩)। বেলাল শ্যামগঞ্জের শালদিঘা তালি-ই-মাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম ও নয়ন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আর অপর তিনজন শ্যামগঞ্জের জালশুকা-কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সকালে ওই পাঁচ শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পাঁচ দিন পর তাদের অভিভাবকেরা পূর্বধলা থানায় জিডি করেন। ওই শিক্ষার্থীদের একজনের সঙ্গে মুঠোফোন ছিল। ৬ অক্টোবর পুলিশ মুঠোফোনের নম্বর ট্রেকিং করে কাকরাইলের একটি মসজিদ এলাকায় তারা অবস্থান করছে বলে জানতে পেরেছিল। পুলিশ পরদিন সেখানে স্বজনদের নিয়ে গেলেও তাদের পায়নি।