নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনায় রাষ্ট্রকে আন্তর্জাতিক সংস্থার কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ২০১৩ সালের জানুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ‘ইউনিভার্সাল প্রি-অডিট রিভিউ’তে বাংলাদেশকে এ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হাজির হতে হবে। এ সময় এসব ঘটনার তথ্য দিতে হবে।মিজানুর রহমান গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অডিটোরিয়ামে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সেমিনারে বক্তব্য দেওয়ার আগে বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, একজন মানুষের নিখোঁজ হওয়ার পেছনে তাত্ত্বিকভাবে তিনটি কারণ থাকতে পারে। কেউ স্বেচ্ছায় লোকচক্ষুর আড়ালে কিছু দিনের জন্য হারিয়ে যেতে পারেন। এটি মানবাধিকার লঙ্ঘন নয়। নিজের অনিচ্ছায় সন্ত্রাসীদের দ্বারা কেউ নিখোঁজ হলে ফৌজদারি মামলায় অপরাধীর বিচার করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিখোঁজ হওয়া সবচেয়ে উদ্বেগজনক। ইলিয়াস আলীর বাসায় গিয়ে তাঁর নিখোঁজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বিশ্বাস করতে চাই, এর সঙ্গে কোনোভাবেই রাষ্ট্রযন্ত্র জড়িত নয়। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা কিংবা তাঁর সম্পর্কে পরিবারকে খোঁজ দেওয়া সরকারের দায়িত্ব।’সেমিনারে আইনমন্ত্রী বলেন, মানুষের কল্যাণের জন্যই সরকার নতুন আইন তৈরি ও প্রয়োজনীয় সংশোধন করছে। এ নিয়ে যাতে কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, এমন আইন সরকার করবে না।পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আদালতই ঢাকার সিটি করপোরেশন নির্বাচনের সমাধান দেবেন।অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন এডাবের চেয়ারপারসন রোকেয়া কবীর।