নিখোঁজের চার দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের চার দিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে নূর আলম ওরফে ফকির (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ছাগলনাইয়ার উত্তর ছয়ঘরিয়া গ্রামের নূর আলম গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্র আরও জানায়, গতকাল দুপুরে ছয়ঘরিয়ার ভারত সীমান্তবর্তী জিরো লাইন এলাকায় স্থানীয় লোকজন গরু চরাতে গিয়ে মাটিতে পচা গন্ধ পান। এরপর তাঁরা মাটি খুঁড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত যুবকের বাবা মো. কালা মিয়া ছয়জনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা করেছেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটেছে। চোরাচালানের কাজে বাধা দেওয়ায় স্থানীয় চোরাকারবারিরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।