নিখোঁজের চার দিন পর লাশ
নিখোঁজ হওয়ার চার দিন পর তুরাগ থানা এলাকার কাশবনে পাওয়া গেছে যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের (৫৫) লাশ। লাশটি ছিল অর্ধগলিত। জালালের স্বজনেরা এ ঘটনায় তাঁর ব্যক্তিগত গাড়ির চালককে সন্দেহ করছেন।
গত সোমবার দিবাগত গভীর রাতে তুরাগ থানাধীন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ষোলহাটি সেতুর পাশের একটি কাশবন থেকে জালালের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই শাহজাহান সরকার বাদী হয়ে জালালের গাড়িচালক বাবুল হোসেনকে আসামি করে তুরাগ থানায় হত্যা মামলা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে গতকাল মঙ্গলবার নিহত জালালের স্বজনেরা বলেন, যুক্তরাজ্যের স্কটল্যান্ডে তাঁর ফাস্টফুডের ব্যবসা আছে। ২০ বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাজ্যে বাস করছেন। এ ছাড়া রাজধানীর খিলগাঁওয়ে তাঁর ইলেকট্রনিকসের দোকান আছে। তাঁর দুই স্ত্রী। এক স্ত্রী গ্রামে থাকেন, আরেক স্ত্রী খিলগাঁওয়ে দোকান দেখাশোনা করেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ের বাবা।