নিখোঁজের ছয় দিন পরও সন্ধান মেলেনি তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী থেকে নিখোঁজের ছয় দিন পরও মো. ইউছুফ মিয়া (৫০) নামের এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি ইউছুফকে অপহরণ করা হয়েছে।
ইউছুফ মিয়ার বাড়ি ফেনীর পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামে। তিনি কৃষিকাজ করেন।
গত বৃহস্পতিবার ফেনী প্রেসক্লাবে ইউছুফের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে মো. ইমরান। এ সময় ইউছুফ মিয়ার স্ত্রী ছায়েরা খাতুন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বসতবাড়ি ও জমিজমার বিরোধ নিয়ে ইউছুফ মিয়ার সঙ্গে একই গ্রামের দুই ব্যক্তির একাধিক মামলা আছে। গত ২৯ এপ্রিল একটি মামলায় হাজিরা দিতে তিনি সকাল পৌনে আটটায় আদালত চত্বরে পৌঁছে ছেলে ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কিন্তু সকাল নয়টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ইমরান জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় জিডি করা হয়।
ইমরান বলেন, তাঁদের ধারণা প্রতিপক্ষের লোকজন তাঁকে (ইউছুফ) অপহরণ করে থাকতে পারে।