নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার তিন দিন পর নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা এলাকার একটি খাল থেকে আবুল খায়ের (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গতকাল সোমবার দুপুরে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের বজরা গ্রামের মুসলিম হাজিবাড়ির সিরাজ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে আবুল খায়েরকে একই এলাকার তাঁর বন্ধু মো. হারুন (৪৩) বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর ওই রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। গতকাল সকাল ১০টার দিকে বজরা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের চন্দ্রা ব্রিজের নিচে খালের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে দুপুর ১২টার দিকে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজন এসে আবুল খায়েরের লাশ শনাক্ত করেন। এলাকার একাধিক সূত্রে জানা গেছে, মো. হারুন একজন মাদক ব্যবসায়ী। আবুল খায়েরের সঙ্গে হারুনের ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকায় খায়েরও নেশাগ্রস্ত হয়ে পড়েন; কোনো কাজকর্ম করতেন না। আবুল খায়ের নিখোঁজ হওয়ার পর থেকেই হারুনকে এলাকায় দেখা যাচ্ছে না। তাই খায়েরের নিখোঁজ ও নিহত হওয়ার ঘটনায় হারুন সম্পৃক্ত থাকতে পারেন বলেন এলাকাবাসী ধারণা করছেন। জানতে চাইলে লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। প্রথম আলোকে তিনি বলেন, লাশটি প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। ঘটনার সঙ্গে আবুল খায়েরের বন্ধু হারুন জড়িত থাকতে পারেন। কারণ, হারুন নিখোঁজ হওয়ার পর থেকে তিনিও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।