নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজের তিন দিন পর ফিরোজা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার কণ্ঠিনালা নদীর রাবারবাঁধ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজার বাড়ি জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামে। সে স্থানীয় তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ত। মুঠোফোন ব্যবহার করা নিয়ে ভাইয়ের সঙ্গে মনোমালিন্যের পর গত বুধবার থেকে সে নিখোঁজ। এ ব্যাপারে ওই দিন বিকেলেই তার ভাই জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কণ্ঠিনালা নদীর রাবারবাঁধ এলাকায় মাছ ধরার সময় গতকাল রাত আটটার দিকে জেলেরা একটি লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি ফিরোজার বলে শনাক্ত করেন।
ফিরোজার ভাই জাহের আহমদ দাবি করেন, তাঁর বোনকে কেউ হত্যা করেছে। এ ব্যাপারে তিনি থানায় হত্যা মামলা করবেন বলে জানান।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজ রোববার এ ব্যাপারে প্রথম আলো ডটকমকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য ফিরোজার লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে ঘটনাটি হত্যা না আত্মহত্যা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।