নিখোঁজের তিন দিন পর পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর গতকাল রোববার বিকেলে এক পোশাকশ্রমিকের লাশ গাজীপুর সদর উপজেলার বারবৈকা এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে পুলিশ। নিহত শ্রমিক হলেন গাজীপুর সদর উপজেলার বারবৈকা এলাকার নিরু মিয়া (২৬)। তিনি টেকনগপাড়া পিউ ফ্যাশন কারখানার সুপারভাইজার পদে চাকরি করতেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদরের বারবৈকা এলাকার নিরু মিয়া একই এলাকার নান্দু মিয়ার ছেলে মারুফ ওরফে ফরহাদের কাছে ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। ওই পাওনা টাকা ফেরত আনার উদ্দেশ্যে ১০ মে বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন থেকেই নিরু মিয়া নিখোঁজ হন। পরে তাঁর সন্ধান না পেয়ে স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও নিরুর সন্ধান না পেয়ে ১২ মে নিরু মিয়ার স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরদিন গতকাল রোববার দুপুরে ওই এলাকার কারখানার শ্রমিকেরা দুপুরে বাড়ি যাওয়ার পথে মারুফের বাড়ির পাশের একটি পুকুরে নিরুর লাশ ভেসে থাকতে দেখেন।খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ তাঁর লাশ বিকেল চারটার দিকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিরুর মামা মো. নূরুল হুদা জানান, মারুফ ১০ মে সকালে পাওনা টাকা আনতে স্ট্যাম্পসহ তাঁর বাড়িতে নিরুকে যেতে বলেন। এরপর বাড়ি থেকে বের হয়ে নিরু আর বাড়ি ফিরে আসেননি। কিন্তু ওই দিন মারুফ নিরুদের বাড়িতে কয়েকবার গিয়ে টাকা নিয়ে নিরু ফিরে গেছেন কি না তার খবর নেন। এরপর থেকে মারুফও পলাতক।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে কয়েক দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে ওই পুকুরে ফেলে দিয়েছে। লাশ ফুলে যাওয়ায় কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।