নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নিখোঁজের তিন দিন পর নূর ইসলাম (৬০) নামের এক তামাক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বানুপাড়া এলাকার ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মুখ অ্যাসিডে ঝলসানো ছিল।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, হারাগাছ কলেজ বাজার থেকে গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হন নূর ইসলাম। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। গতকাল রাত
আটটার দিকে এলাকাবাসী বানুপাড়ার ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত নূর ইসলামের পরিবারের পক্ষ থেকে লাশ শনাক্ত করা হয়।
নিহত নূর ইসলামের বড় ছেলে নাজমুল হক বলেন, ‘আমার বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বাবা হত্যার বিচার চাই।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া জানান, নূর ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়েছে। তাঁকে যেন কেউ চিনতে না পারে, এ জন্য তাঁর মুখ অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির বড় ছেলে নাজমুল হক মামলা করেছেন। তবে কাউকে অভিযুক্ত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।