নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর গতকাল শনিবার তানজিল হোসেন (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তানজিলকে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বালিপাড়া দক্ষিণ গ্রামের ব্রহ্মপুত্র নদের তীরে বুলবুল হোসেন তাঁর ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করেন। বুলবুল রিকশা চালিয়ে সংসার চালাতেন। তাঁর একমাত্র ছেলে তানজিল গত বুধবার খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল সকালে ব্রহ্মপুত্র নদের ওপারে একটি লাশ ভাসতে দেখে জেলেরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার লাশটি তানজিলের বলে শনাক্ত করে। লাশের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।
বুলবুল হোসেন বলেন, ‘আমি রিকশা চালাই। আমার কোনো শত্রু নাই। কিন্তু কারা আমার ছেলেকে এভাবে খুন করল?’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, এটি হত্যা নাকি অন্য কিছু তা এখনো বোঝা যাচ্ছে না। তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।