নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর সুলতানা আক্তার (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা দুইটার দিকে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার মেয়ে সুলতানা আক্তার কেরোসিন কেনার জন্য বাড়ি থেকে উপজেলা সদরসংলগ্ন হামিদনগর বাজারে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই দিনই মাইকিং করে পরিবার। পরে আফজল মিয়া ওই দিন রাতে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল উপজেলার উত্তরসুর গ্রামের বিল্লাল মিয়ার ধানখেতে সুলতানার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে বাহুবল থানা-পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।