নওগাঁর বদলগাছি উপজেলায় নিখোঁজের তিন দিন পর রনি বাবু (৭) নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর পুকুরিয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
নিহত রনি বাবু উত্তর পুকুরিয়া গ্রামের জামিল হোসেনের ছেলে। সে বশনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। রনির বাবা পেশায় রাজমিস্ত্রি।
জামিল হোসেন বলেন, গত সোমবার দুপুরে গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্র ফল খাওয়ানোর কথা বলে রনিকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রনিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, এ ঘটনার পরদিন (মঙ্গলবার) তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় জিডি করতে পারেননি। গতকাল একটি পুকুরের পাশে প্রতিবেশীরা শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে লাশটি রনির বলে শনাক্ত করেন।
রনির দাদি সাবিরুন বলেন, রনির বয়স যখন দুই বছর, তখন তার মাÑও বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়। তিন বছর আগে রনির বাবা দ্বিতীয় বিয়ে করেন। তিনিই (দাদি) রনিকে লালন-পালন করতেন।
বদলগাছি থানার ওসি জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, রনিকে হত্যায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জামিল হোসেনের দ্বিতীয় স্ত্রী বুলবুলী খাতুন ও রনির বাবার তথ্যমতে তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বদলগাছি থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ ঘোষ বলেন, লাশটিতে পচন ধরেছিল।