নিখোঁজের দুই দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গতকাল শনিবার রাতে একটি বিল থেকে কলেজছাত্র ইব্রাহিম সরকারের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় দুটি ক্লাবের দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত ইব্রাহিম উপজেলার ঘাটেশ্বরী গ্রামের লেবু সরকারের ছেলে। সে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
এ ঘটনায় নিহত ইব্রাহিমের বড় ভাই শিপলু সরকার বাদী হয়ে উপজেলার যোগীর কোফা গ্রামের ‘মানব কল্যাণ যুব সংঘ’ নামের একটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আসামি করে আজ রোববার সকালে সখীপুর থানায় খুনের মামলা দায়ের করেন। আসামিরা সবাই স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও ঘাটেশ্বরী গ্রামের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২০ হাজার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে যোগীর কোফা গ্রামের মানবকল্যাণ যুব সংঘের সঙ্গে ঘাটেশ্বরী গ্রামের স্টুডেন্ট ক্লাবের সঙ্গে বিরোধের বাধে। এর জেরে গত বৃহস্পতিবার বহেড়াতৈল হাট এলাকায় দুই ক্লাবের সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। শুক্রবার সকালে স্টুডেন্ট ক্লাবের সদস্য ইব্রাহিমসহ কয়েকজন যোগীর কোফা গ্রামে গেলে মানব কল্যাণ ক্লাবের সদস্যরা তাঁদের ওপর হামলা করে। হামলার পর থেকে ইব্রাহিমকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা। নিখোঁজের ৩০ ঘণ্টা পর যোগীর কোফা গ্রামের কানা বিল থেকে শনিবার রাত নয়টার দিকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘দীর্ঘ সময় পানিতে থাকায় লাশ ফুলে গেছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’
মামলার বাদী নিহত ইব্রাহিমের ভাই শিপলু সরকার প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে ওরা পিটিয়ে মেরে পানিতে ফেলে দেয়, খুনের সঙ্গে জড়িত সবাই ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক। ইতিমধ্যে খুনিদের না ধরতে তদবির শুরু হয়েছে। মামলার প্রধান আসামির নাম তুলে নেওয়ার হুমকিও আসছে।’
এ অভিযোগ অস্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আসামিদের না ধরতে আমার কাছে কেউ তদবির করেনি। আসামিরা যে-ই হোক, অবশ্যই তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’
আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ ঘাটেশ্বরী গ্রামের শতাধিক মানুষ বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনের সড়কে মানববন্ধন করেছেন।
ঘাটেশ্বরী গ্রামের সাবেক ইউপি সদস্য আফাজউদ্দিন বলেন, ‘আসামিরা যেহেতু সরকারি দলের ছত্রচ্ছায়ায় রয়েছে, তাই তাঁদের দ্রুত গ্রেপ্তার করার দাবি নিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি।’