নিখোঁজের দুই দিন পর কিশোরের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর গতকাল মঙ্গলবার রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে মো. মমিন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মমিন বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, মমিন পরিবারের সঙ্গে শাহ আলী থানার এক নম্বর সেকশনের এ ব্লক এলাকায় থাকত। ১৫ জুন সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা মোমেনা বেগম শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল ভোরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মিরপুর দিয়াবাড়ির একটি পুকুর থেকে মমিনের লাশ উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মমিনের বাবা নাম ফজলুর রহমান। গ্রামের বাড়ি লালমনিরহাট সদরে।
দুর্ঘটনায় নারীর মৃত্যু: এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার রাতে গুলিস্তানে প্রাইভেটকারের ধাক্কায় সুফিয়া বেগম (৮০) এক নারী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুফিয়ার গ্রামের বাড়ি বরিশালে। তিনি হাজারীবাগ এলাকায় থাকতেন।