নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর আসাদুল ইসলাম (১৯) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। রাতে বনভোজন শেষে অতিরিক্ত নেশাপান ওই মৃত্যুর কারণ বলে দাবি করেছেন আসাদুলের বন্ধুরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ পৌর শহরের আম্বিকাপুর এলাকার পাতারহাট মুসলিম মডেল উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, আসাদুল ইসলাম তাঁর বন্ধুদের সঙ্গে সোমবার রাতে বিদ্যালয়ের মাঠে বনভোজন উৎসবে অংশ নেন। বনভোজন শেষে অন্যরা বাসায় ফিরে গেলেও আসাদুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বিভিন্ন স্থানে সন্ধান করে তাঁর পরিবার। গত বুধবার বিকেলে আসাদুলের পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায় বিদ্যালয়ের পুকুর পাড়ে। এর ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার পুকুরে জাল টানা হলে তাঁর লাশ পাওয়া যায়। আসাদুলের বন্ধু মো. রাহাত জানান, বনভোজনের রাতে তাঁরা নেশাদ্রব্য খেয়ে আনন্দ করেছিলেন। হয়তো নেশার ঘোরে পুকুরে পড়ে যেতে পারেন। আসাদুলের মা সালমা বেগম সাংবাদিকদের জানান, ছেলের বন্ধুরা তাঁকে জানিয়েছেন, তাঁরা ওই রাতে নেশা করেছিলেন। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।