নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভূজপুরের চানপুর গ্রামের সিংহপাড়ার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তাঁর নাম বাপ্পু কান্তি দে (২২)। তিনি ওই এলাকার লালু কান্তি দের ছেলে। দীর্ঘদিন ধরে বাপ্পু চট্টগ্রাম নগরে কেব্ল নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করতেন।
এলাকার লোকজন জানান, স্থানীয়ভাবে পরিচালিত পূজা উদ্যাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন বাপ্পু। এলাকায় কারও সঙ্গে তাঁর মতবিরোধ নেই।
গতকাল বৃহস্পতিবার সকালে এলাকার পথচারীরা পার্শ্ববর্তী ডোবায় তাঁর লাশ দেখে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানার পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাপ্পুর বোন জয়া কান্তি দে বলেন, ৪ ফেব্রুয়ারি রাত নয়টায় মুঠোফোনে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে বলতে বাপ্পু ঘর থেকে বের হন। পরে রাত ১০টা থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ধারণা করেছিলেন পূজায় বন্ধুদের সঙ্গে আড্ডায় রয়েছেন। পরদিন ৫ ফেব্রুয়ারি দিনভর কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জয়া সন্দেহ করছেন, আর্থিক বিষয় নিয়ে পূজা কমিটির সংশ্লিষ্ট কেউ তাঁকে হত্যা করতে পারেন।
তবে বিষয়টি উড়িয়ে দিয়ে পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি তিমির কুমার সোম জানান, ‘বাপ্পুর সঙ্গে কমিটির কারও আর্থিক বা ব্যক্তিগত দ্বিমত নেই। ওই দিন দিনভর আমাদের সঙ্গে কাজ করছিল বাপ্পু। রাতে সরস্বতী পূজায় তাকে না দেখে আমরা ভেবেছিলাম দিনভর খাটুনির চাপে মুঠোফোন বন্ধ করে সে ঘুমিয়েছে। কিন্তু সকালে উঠে আমরাও তাকে হন্য হয়ে খুঁজেছি।’ ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘লাশটি যেভাবে পড়ে ছিল তাতে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। তবে, শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পাশাপাশি নিহতের পরিবার এবং কমিটির লোকজনের সঙ্গেও কথা বলছি।’