নিখোঁজের দুদিন পর লাশ উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর গত বুধবার বিকেলে ভোলা সদর থানার পশ্চিম ইলিশার চরজংলার বিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আবুল কালাম হাওলাদারের (৫০) লাশ।
কালাম মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দেড় মাস আগে নিম্নমান সহকারী থেকে পদোন্নতি পেয়ে উচ্চমান সহকারী হিসেবে শিবচরে যোগ দেন তিনি। আবুল কালাম উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সীকাদিরপুর এলাকার মানিক মাস্টারেরকান্দি গ্রামের বাসিন্দা ও ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।
শিবচরের ইউএনও ইকবাল হোসাইন বলেন, গত সোমবার বেলা একটার দিকে আবুল কালাম অফিস থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ হন। বুধবার তাঁর লাশ ভোলার একটি নদী থেকে উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ খান বলেন, আবুল কালাম নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। বুধবার ভোলায় উদ্ধার করা তাঁর লাশের সঙ্গে থাকা টাকা, মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া যায়নি।
পারিবারিক সূত্র জানায়, আবুল কালাম গত সোমবার বেলা একটার দিকে ইউএনওর কার্যালয় থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হন। ওই দিন থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকে। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বুধবার ভোলায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর আসে।