চট্টগ্রামের ফটিকছড়ির আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় লোকজনকে আসামি করে মামলা হয়েছে। তবে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
গত মঙ্গলবার রাত নয়টায় উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের তেলপারই খাল থেকে পুলিশ যুবলীগের নেতা মুহাম্মদ এনামের (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এর আগে রোববার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর বাড়ি আবদুল্লাহপুর গ্রামে। পেশায় তিনি বালু ব্যবসায়ী।
গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ-সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এনামের লাশ দাফন করা হয়। জানাজার আগে বক্তারা এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, আবদুল্লাহপুর ইউপির চেয়ারম্যান মো. অহিদুল আলম, ধর্মপুর ইউপির চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের নেতা এইচ এম আবু তৈয়ব প্রমুখ।
হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আশা করছি হত্যাকাণ্ডে কারা জড়িত, এ রহস্য দ্রুত উন্মোচিত হবে।’
নিহত ব্যক্তির স্ত্রী শাহানা আকতার বলেন, তাঁর স্বামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেন। নির্বাচনে দলে বিদ্রোহী প্রার্থীও ছিলেন। এ নিয়ে অনেকের সঙ্গে শত্রুতা তৈরি হয় তাঁর।
পরিবারের সদস্যরা বলেন, নিখোঁজ হওয়ার পরদিন সোমবার বিকেলে যুবলীগের নেতা এনামের মা হালিমা বেগম ফটিকছড়ি থানায় জিডি করেন। সোমবার রাত আটটার দিকে শাহানা আকতারের মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে এনামকে হত্যার হুমকি দেওয়া হয়।