নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ফেনী সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর শহিদুল ইসলাম (৪) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে শহরের মাস্টারপাড়ার এনায়েত হাজারীর বাড়ির পেছনের একটি ছোট ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও নিহত শিশুর পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার সকালে মাস্টারপাড়ার জসিম হাজারীর ছেলে শহিদুল ইসলাম বাড়ির আঙিনায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় ওই দিনই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার সকালে স্থানীয় লোকজন এনায়েত হাজারীর বাড়ির পেছনের ছোট ডোবায় একটি শিশুর লাশ দেখতে পেয়ে সদর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ময়নাতদন্তকারী চিকিৎসক অসীম কুমার সাহা বলেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় আগেই থানায় জিডি করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।