নিখোঁজের দেড় ঘণ্টা পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দেড় ঘণ্টা পর আজাদ হোসেন (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।গত রোববার রাত নয়টার দিকে ছাতিয়ান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি খেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। আজাদ ওই গ্রামের দুলাল হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় সরুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।পুলিশ সূত্রে জানা গেছে, আজাদ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। দেড় ঘণ্টা পর বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আজাদের এক চাচার ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজাদকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে আজাদকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।এ ঘটনায় আজাদের বাবা দুলাল হোসেন একটি হত্যা মামলা করেছেন।