নিখোঁজের নয় দিন পর আ.লীগ নেতা উদ্ধার
নিখোঁজের নয় দিন পর পিরোজপুরের জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানকে (৫৫) উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে জয়পুরহাট রেলস্টেশনে রেলগাড়ির কামরার মধ্যে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়।
গতকাল মঙ্গলবার ভোরে রেল পুলিশ তাঁকে জিয়ানগরের ইন্দুরকানি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
পারিবারিক সূত্র জানায়, ১৫ জুলাই দুপুরে মনিরুজ্জামান জিয়ানগরের ভবানীপুর গ্রামের বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য বের হন। ১৭ জুলাই বিকেল পাঁচটার দিকে ছেলে মাহামুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ঢাকায় আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করেও সন্ধান না পেয়ে ২১ জুলাই তাঁর মেয়ে শামীমা নাসরিন ইন্দুরকানি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উদ্ধার হওয়ার পর মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ঢাকায় গুলশানের একটি ট্রাভেল এজেন্সি থেকে ফেরার পথে হাতিরঝিল এলাকা থেকে আমাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এ সময় সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা ছিল।’
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, সঙ্গে থাকা কাগজপত্র দেখে মনিরুজ্জামানের পরিচয় নিশ্চিত হয় জয়পুরহাটের রেল পুলিশ। এরপর তাঁকে খুলনায় নিয়ে এসে হস্তান্তর করা হয়। তিনি পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
পিরোজপুরের এসপি ওয়ালিদ হোসেন বলেন, উদ্ধারের পর মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, গুলশানের একটি ট্রাভেল এজেন্সির কাছে তিনি টাকা পেতেন। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর থেকে তিনি অচেতন ছিলেন।