নিখোঁজের পর শিশুর লাশ মিলল ভারতের ভুট্টাখেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় নিখোঁজের তিন দিন পর গত বুধবার রাতে নয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সীমান্তের ওপরে একটি ভুট্টাখেতে পড়ে ছিল লাশটি। আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার লাশটি দেশে আনার কথা রয়েছে।
নিহত শিশুর নাম ইয়াছমিন আরা। সে ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের গুচ্ছগ্রামের দিনমজুর ইয়াছিন আলীর মেয়ে। সে স্থানীয় দক্ষিণ ঝাড়সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ইয়াছমিন গত রোববার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। আশপাশে বসে ছিল অপরিচিত দুই যুবক। এরপর অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে আর ফেরেনি।
ইয়াছিন আলী বলেন, রোববার সন্ধ্যায় মেয়ের সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করা হয়। এর মধ্যে বুধবার সকালে এলাকায় ঝড়বৃষ্টি হয়। এতে তিস্তা নদীর চরের ভুট্টাগাছ মাটিতে লুটিয়ে পড়ে। সকালে নদীর দুই পাশে ভারত ও বাংলাদেশের ভুট্টাখেতগুলোতে কাজ শুরু করেন কৃষকেরা। দুপুরের দিকে ভারতের শিংপাড়া অংশের ভুট্টাখেতে একটি লাশ পাওয়া যায়। এরপর উভয় দেশের কৃষকেরা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে সেখানে গিয়ে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) থানারহাট ক্যাম্প ও ডিমলা থানার পুলিশকে জানানো হয়। বিজিবি তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের জন্য ভারতের শিংপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠায়।
থানারহাট ৭ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল কালাম বলেন, বুধবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পুলিশ ও বিজিবি এবং বিএসএফের কর্মকর্তারা অংশ নেন। পরে ভারতের কুচলিবাড়ি থানার পুলিশ লাশটি তাদের জিম্মায় নিয়ে যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের কোচবিহার জেলা হাসপাতালের মর্গে গতকাল লাশের ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। এরপর আজ আবার পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশে পাঠানো হবে।
ডিমলা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) হারিছুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি শিশুটির বাবাকে মামলা করতে বলা হয়েছে।