নিখোঁজের পরদিন স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের উপলশহর গ্রামে নিখোঁজ এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকালে গ্রামের একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল।
নিহত স্কুলছাত্রী হলো মাহমুদা আকতার মুন্নী (৭)। সে গ্রামের লোকমান সরকারের মেয়ে ও উপলশহর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
নিহত ছাত্রীর পরিবার ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্নী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। পরে সন্ধ্যায় এলাকায় মাইকযোগে তার নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি ধানি জমিতে মুন্নীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
সরেজমিনে দেখা যায়, নিহত মুন্নীর নাক ও কান দিয়ে রক্ত ঝরেছে। তার গলায় দাগ রয়েছে। এ ছাড়া তার ঠোঁট, কপাল, বুকের ডান পাশ ও হাতে আঁচড়ের গভীর ক্ষত। সেই সঙ্গে ডান কানের লতি ছেঁড়া। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হত্যার সময় শিশুটির কান ছিঁড়ে স্বর্ণের দুল ও গলার মালা ছিনিয়ে নেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।