নিখোঁজের পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু থেকে নিখোঁজের এক সপ্তাহ পর সামছুজ্জামান নান্নু (২৬) নামের এক পল্লি চিকিৎসকের (পশু) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, কাহালুর ছোটভাদাহার গ্রামের সামছুজ্জামান ছোটভাদাহার বাজারে তাঁর বাবা কমর উদ্দিনের ওষুধের দোকানে বসতেন। আবার গ্রামে গ্রামে গিয়ে গৃহপালিত পশুর চিকিৎসা করতেন। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে সামছুজ্জামানের মুঠোফোনে একটি ফোন কল আসে। পরে তিনি গরুর চিকিৎসার কথা বলে দুপচাঁচিয়ার মোস্তফাপুর গ্রামে যাওয়ার উদ্দেশে দোকান থেকে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফেরায় তাঁর বাবা কমর উদ্দিন তাঁর মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করে না পেয়ে ২০ ফেব্রুয়ারি কাহালু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা। আজ শুক্রবার সকালে শিবগঞ্জের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে লাশের পা ভেসে ওঠা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। কাহালু ও শিবগঞ্জ থানার পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। কমর উদ্দিন লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। পরে লাশটি শিবগঞ্জ থানায় নেওয়া হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, লাশের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন আছে। মামলার প্রস্তুতি চলছে।