নিখোঁজের পাঁচ দিন পর খালে পাওয়া গেল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গত রোববার বিকেলে রাজধানীর সবুজবাগের একটি খাল থেকে মো. ফরিদ (২০) নামের এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সবুজবাগ থানার পুলিশ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সবুজবাগের রাজারবাগ বাগপাড়া এলাকার গুদারাঘাট খাল থেকে ভাসমান অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর গলাকাটা ছাড়াও শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুই হাত কালো ফিতা ও দুই পা কালো ট্রাউজার দিয়ে বাঁধা ছিল।

নিহত ফরিদের ভাই লোকমান হোসেন গতকাল সোমবার হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁরা দক্ষিণ মুগদায় ব্যাংক কলোনি এলাকায় থাকেন। আট ভাইবোনের মধ্যে ফরিদ সবার ছোট। ফরিদ মতিঝিলে মোটরসাইকেলের একটি গ্যারেজে কাজ করতেন। ১৪ এপ্রিল পয়লা বৈশাখে তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। রোববার স্থানীয় লোকদের মাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে গুদারাঘাট এলাকায় গিয়ে ফরিদের লাশ শনাক্ত করা হয়।

সবুজবাগ থানার এসআই বেলাল হোসেন বলেন, অপরাধ চক্রের কারও সঙ্গে শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।