নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার
নরসিংদীর শিবপুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আবুল হোসেন (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের পূবের গাঁও এলাকার বরমতলা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।শিবপুর বাজার থেকে গত শনিবার রাতে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের সন্দেহ ঝগড়ার জের ধরে স্থানীয় আইসক্রিম ফ্যাক্টরির মালিক ও কর্মচারীরা তাঁকে হত্যা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন পূবের গাঁও এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি নিজের জমিতে কৃষিকাজ করতেন। পরিবারের একমাত্র সদস্য তাঁর মা। গত বৃহস্পতিবার বিকেলে আবুল হোসেন ও তাঁর বন্ধু ইমরান মিয়া স্থানীয় সিঅ্যান্ডবি বাজারে যান। সেখানে ইমরানের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে আলী হোসেন নামের এক যুবকের সঙ্গে তাঁদের তর্ক ও হাতাহাতি হয়।আলী হোসেন শিবপুর বাজারের নাজমা আইক্রিম কারখানায় কাজ করেন। পরে তিনি এ ঘটনা কারখানার মালিক মজিদ মিয়াকে জানান। গত শনিবার সন্ধ্যায় আবুল হোসেন শিবপুর বাজারে গেলে কারখানার মালিক মজিদ মিয়া ও কর্মচারী আলী হোসেনসহ অপর দুই কর্মচারী জজ মিয়া ও রোমান মিয়া তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। বাজারের লোকজন আবুলকে তাঁদের হাত থেকে উদ্ধার করে চলে যেতে বলেন। পরে রাত ১০টার দিকে বাড়ি ফেরার কথা বলে আবুল হোসেন বাজার থেকে রওনা হন। কিন্তু তিনি বাড়ি ফিরে আসেননি। নিহতের মা নাসিমা বেগম বলেন, ‘আমার মনে অয়, বাজারে যারা ওরে মাইরধর করছে, তারাই হেরে মাইরা পানিতে ফালাইয়া রাখছে।’ শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল জানান, ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাঁকে হত্যা করা হয়েছে।