নিখোঁজের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আবদুর রহিম (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বালিয়ান ইউনিয়নের বালাশ্বর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রহিম বালাশ্বর গ্রামের আবু মোছার ছেলে। সে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক পাঠাগারে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু মোছা ও তাঁর স্ত্রী ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। রহিম বালাশ্বর গ্রামে তার নানির সঙ্গে থাকত। ১৫ মে সকাল সাড়ে ৮টার দিকে রহিম বাড়ি থেকে বের হয়ে পাঠাগারে যায়। দুপুর ১২টায় পাঠাগার ছুটি হলেও বাড়ি ফেরেনি রহিম। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন রহিমের বাবা আবু মোছা ফুলবাড়ীয়া থানায় একটি জিডি করেন। গতকাল সকালে বাড়ির পাশে আবর্জনার স্তূপে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। পরে রহিমের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত আবদুর রহিমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, রুনা আক্তার নামের প্রতিবেশী কিছুদিন আগে রহিমকে ঢাকার একটি পরিবারের কাছে দত্তক দেওয়ার জন্য মোছার কাছে প্রস্তাব দিয়েছিলেন। এর বিনিময়ে ওই পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা এনে দেওয়ার কথা বলেছিলেন রুনা। রুনার প্রস্তাবে রাজি হননি মোছা। রহিমের লাশ উদ্ধারের পর রুনা পলাতক।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, গলিত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুনার স্বামী আনোয়ার হোসেন ও ছেলে সুজন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।