নিখোঁজের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিবরাম গ্রামের রাকিবুল ইসলাম (৮) নামের এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের একটি বালিকা দাখিল মাদ্রাসার শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।জমি নিয়ে বিরোধের জের ধরে রাকিবুলকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাকিবুল গত শনিবার সন্ধ্যায় পাশের বাড়ি টেলিভিশন দেখতে গিয়ে আর ফেরেনি। এ ঘটনার পরদিন তার বাবা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।গতকাল সকালে একজন নারী ওই মাদ্রাসার শৌচাগারে গিয়ে উৎকট গন্ধ পান। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে রাকিবুলের পরিবারের সদস্যরা গিয়ে ওই শৌচাগারে তার লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাকিবুল শিবরাম গ্রামের খান্দের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।এ ঘটনায় গতকাল একই গ্রামের দবিয়ার রহমান (৪০), তাঁর স্ত্রী বিউটি বেগম (৩০) ও হোসেন আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজিত কুমার প্রথম আলোকে জানান, এ ঘটনায় ওই তিনজনসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।