অবশেষে পরিবারের সদস্যদের আশঙ্কাই সত্যি হলো। নিখোঁজের প্রায় পাঁচ মাস পর জাকিরুল ইসলামের (২২) লাশ গতকাল শুক্রবার রংপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আমনখেতের মাটি খুঁড়ে উদ্ধার করেছে। প্রেমের কারণে জাকিরুলকে মেয়েপক্ষের লোকজন খুন করার পর লাশ মাটিতে পুঁতে রেখেছিল বলে পিবিআইয়ের পরিদর্শক নজমুল হক জানিয়েছেন।
জাকিরুলকে হত্যা করে লাশ গুম করার অভিযোগ এনে জাকিরুলের বড় ভাই জরেজুল ইসলাম গত ১৯ মার্চ বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি এবং জাকিরুলের বাবা আজাদ আলী গত ৯ এপ্রিল ১৩ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি মামলা করেন।
জাকিরুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে। তিনি স্থানীয় শ্যামপুর বাজারে দরজির দোকানে কারিগরের কাজ করতেন।
ওই ঘটনায় গত ৩০ মার্চ প্রথম আলোয় ‘দশ দিন ধরে যুবক নিখোঁজ, প্রেমের জেরে খুন হতে পারেন’ শিরোনামে সংবাদ ছাপা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক নজমুল হক বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরেই আমরা তদন্ত কার্যক্রম শুরু করি।’
জিডি ও মামলায় অভিযোগ করা হয়, জাকিরুলের সঙ্গে গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে জান্নাতি খাতুনের (১৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটা মানতে পারেনি জান্নাতির পরিবারের লোকজন। ১৯ মার্চ রাতে নিখোঁজ হন জাকিরুল। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় জান্নাতি খাতুন, তাঁর বাবা জাকির হোসেন, চাচা তাহারুল ইসলাম, তাহারুলের বাবা সিরাজুল ইসলামসহ ১৩ জনকে। জাকিরুল নিখোঁজ হওয়ার পর থেকে জান্নাতি, তার বাবা-মা ও পরিবারের অন্য লোকজন গা ঢাকা দেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, আদালতের নির্দেশে থানায় নিয়মিত মামলা হওয়ার পর তদন্ত করেন থানার পুলিশ। পরে পিবিআই মামলাটি তদন্তের দায়িত্ব নেয়।
রংপুর পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই গত বৃহস্পতিবার জানতে পারে, আসামিরা রংপুরের আদালতে আত্মসমর্পণ করবেন। পিবিআই ওই দিন সকাল ১০টার দিকে আদালতের বাইরের সড়ক থেকে জান্নাতি খাতুন, জাকির হোসেন, তাহারুল ইসলাম ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে জাকিরুলের গলিত লাশ জান্নাতি খাতুনদের বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি আমনখেতের মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।
আসামিদের উদ্ধৃত করে নজমুল হক বলেন, ১৯ মার্চ রাত ১০টার দিকে প্রেমের সম্পর্ক সূত্রে জান্নাতি খাতুনদের বাড়িতে যান জাকিরুল। এ সময় বাড়িতে জান্নাতি থাকলেও তার বাবা-মা ছিলেন না। ঘরে বসে জান্নাতির সঙ্গে গল্প করছিলেন জাকিরুল। একপর্যায়ে জান্নাতির চাচা তাহারুল ইসলাম বাড়িতে ঢুকে তা দেখতে পেয়ে জাকিরুলকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অন্য আসামিদের সহায়তায় লাশ ওই রাতেই বাড়ির অদূরে খেতে পুঁতে রাখেন।
লাশ উদ্ধারের পর জাকিরুলের বাবা আজাদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমার নিরপরাধ ছেলেকে যারা খুন করেছে আমি বেঁচে থাকতে তাদের কঠিন শাস্তি দেখে যেতে চাই।’